রংতুলিতে তুমি । পর্ব - ০৭
পুরোদমে ক্লাস চলছে তিথিরাদের। আগের মত সেই নতুনত্বের আমেজটা নেই। প্রথম দিকে যেখানে ক্লাস মিস হয়ে যেত, টিচাররা মাঝে মাঝে হালকাভাবে নিয়ে যেতেন, এখন আর তেমনটা হয় না। বরং এখন সব টিচারই যেন হঠাৎ করেই সিরিয়াস হয়ে উঠেছেন পড়ানোর প্রতি। প্রতিদিন ক্লাসে নিয়মিত প্রেজেন্ট থাকতে হয়, লেকচার কভার করতে হয়, অ্যাসাইনমেন্ট জমা দিতে হয় সব মিলিয়ে প্রতিদিনই যেন এক রকম দৌড়ের ওপর রাখছে তাদের জীবন। এরকমই এক ধকলের দিনে তারা বসেছিলো ক্লাসে। ম্যাম বোর্ডে একটার পর একটা পয়েন্ট লিখছেন আর ব্যাখ্যা করছেন, আর স্টুডেন্টরা ব্যস্ত সেই লেকচার খাতায় তুলতে। তিথিরা, ইয়াশফা আর রিহা মন দিয়ে লিখছে। লেখার ফাঁকে ফাঁকে একে অপরের দিকে তাকিয়ে নিশ্চিত হচ্ছে কিছু বাদ পড়লো কিনা। অন্যদিকে ছেলেরা তুলনামূলকভাবে একটু আরামেই আছে,
শুধু শুনছে আর মাথা নাড়ছে, কিন্তু খাতা প্রায় ফাঁকাই রয়ে যাচ্ছে। লিখতে লিখতেই হঠাৎই তিথিরার চোখ যায় বাইরের করিডোরে, বাইরে নাবিল আর তার এক ফ্রেন্ড দাঁড়ানো। নাবিল হালকা একটুখানি হাসলো, একদম স্বাভাবিক এক হাসি। চারপাশে তাকিয়ে তিথিরা বুঝলো, ক্লাসে সবাই লেখায় এতটাই ব্যস্ত অতএব নাবিলের এই হাসি কেবল তার জন্যই ছিলো। একটু দ্বিধার পর, সৌজন্যমূলকভাবে তিথিরাও মৃদু হেসে আবার খাতায় চোখ নামিয়ে নেয়। বেশ অনেকটা সময় অতিবাহিতর পরেও যখন তিথিরা আবারো সেদিকে তাকিয়েছে, তখন তার চোখে আবারো নাবিল পড়েছে অর্থাৎ তারা এখনো সেইখানেই দাঁড়িয়ে।
একটার পর একটা করে মোট চারটে ক্লাস শেষ তাদের। অবশেষে ক্লান্ত দেহে ব্যাগ গুছিয়ে ক্লাস থেকে বের হয় তিথিরা ও তার বন্ধুরা। দরজা পেরোনোর সঙ্গে সঙ্গেই সামনে এগিয়ে আসে নাবিল।
কি অবস্থা সবার..?
সবার আগে হাসিমুখে এগিয়ে সালাম দেয় তাশিক।
আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন..?
নাবিলও হাসি ফিরিয়ে দিয়ে বলে,
আলহামদুলিল্লাহ ভালোই, তোমরা সবাই কেমন আছো..?
এইবার সকলেই একসাথে উত্তর দেয় নাবিলের কথার। ছোটখাটো দু-একটা সাধারণ কথাবার্তার পরেই নাবিল তার বন্ধুসহ বিদায় নিয়ে অন্যত্রে চলে যায়। তারা চলে যেতেই নেহাল নাকে আঙুল ঢুকিয়ে নাক চুলকাতে চুলকাতে বলে,
আমি তো শুনছিলাম তারা নাকি বেশিরভাগ সময় নিজেগো নিয়াই ব্যস্ত থাকে, কিন্তু এখন তো তা মনে হইতাছে না,
আমিও তো সেটাই শুনেছিলাম।
নেহালের কথায় তাশিকও তাল মেলায়। তাতে নাইমুল একটু গম্ভীর হয়ে বলে,
ভাই তোরা জাস্ট শুনেছিস, আর আমরা দেখছি..!! জুনিয়রদের সাথে ওনারা খারাপ ব্যবহার করে না এটা ঠিক বাট কম বেশি দূরত্ব বজায় রেখে চলছে সব সময়, তাই না রে রিহা..?
হুম সেটাই তো, সেইখানে নাবিল ভাইয়া এই পর্যন্ত বেশ কয়েকবার আমাদের সাথে কথা বলছে। আবার ঐদিন তো তিথিরাকে ডেকেও ওর শরীরের অবস্থা জিজ্ঞেস করলো, অদ্ভুত তাই না?
রিহার কথা শেষে ইয়াশফা বলে,
ব্যপার টা তো অন্য রকম ও হতে পারে তাই না?
অন্য রকম আবার কিরকম?
তিথিরা মাথা চুলকাতে চুলকাতে প্রশ্ন করে তাতে ইয়াশফা গম্ভীর মুখ করে বুঝাতে লাগে,
দেখ নেহাল তো ঐদিন নিজে থেকেই এগিয়ে গেলো, বেশ ভালো ভাবে ভদ্রতা বজায় রেখে কথা বলেছে এজন্য হয়তো তারা ভেবেছে আমরা আন্তরিক। তাই ছোট ভাই-বোন হিসেবে খবর নিয়েছে এইটুকুই।
ইয়াশফার কথায় তাশিক তপ্ত শ্বাস ছেড়ে বলে,
বাদ দে তো। এত চিন্তা করে কি লাভ। ওনারা যেহেতু সিনিয়র সো এরকম কথা বলতেই পারে। আর ভার্সিটিতে এগুলো নর্মাল। আর আমি তো এটাই বুঝতে পারছি না এ নিয়ে এত কথা বলছি কেন আমরা।
ঠোঁটে ঠোঁট টিপে সায় জানায় তিথিরাও। তাল মিলিয়ে বলে,
হ্যা আমিও এক মত তাশিকের সঙ্গে। অতএব এসব আলাপ রাখ, চল আমরা ক্যান্টিনে যাই। ক্ষিধে পেয়েছে প্রচুর।
ক্যাম্পাসের বিকেলের আলো ক্রমশ ম্লান হয়ে আসছে। পশ্চিম আকাশে সূর্য লালচে কমলা রঙের আঁচড় টেনে বিদায় নিচ্ছে। সকলের ক্লাস শেষ হয়ে আসায় ক্যাম্পাস ফাঁকা হচ্ছে একটু একটু করে। ভার্সিটির বাইরে বাস স্টপে মাত্রই এসেছে তিথিরা। বাসস্টপে এখনো খুব একটা ভীড় হয়নি। আনমনে বাসের জন্য অপেক্ষা করছে সে, ঠিক তখনই নিঃশব্দে তার পাশে দাঁড়ায় নাবিল। অপেক্ষা করতে করতে হঠাৎ পাশে তাকাতেই নিকটে নাবিলকে দেখে ভয়ে দু’কদম পিছিয়ে যায় তিথিরা।
আরে আরে ভয় পেয়েছো নাকি..?
তিথিরা কোনো রকম নিজেকে ধাতস্থ করে বলে,
না না ভয় পাই নি, হঠাৎ দেখেছি তো আপনাকে এজন্য আর কি..!
এইখানে দাঁড়িয়ে যে..?
বাসের জন্য, বাসায় যাবো।
ক্লাস শেষ..?
জ্বী।
বাসা কোথায় তোমার..?
দৌলতপুরের ঐদিকে।
নাবিল ভ্রু কুচকে জিজ্ঞেস করে,
সব সময় বাসেই যাতায়াত করো বুঝি?
হ্যা বাসেই সুবিধা হয় ভাইয়া। সময় কম লাগে তো এজন্য..! আপনি কোথায় যাবেন..?
আমি..?
হ্যা, আপনাকেই তো জিজ্ঞেস করলাম।
এইটুকু বলেই তিথিরা মুচকি হাসে তিথিরা। তিথিরার হাসি দেখে নাবিলের চোখ এক মুহূর্ত স্থির হয়ে আসে। পরক্ষণে সেও পালটা মৃদু হেসে বলে,
আমি কোথাও যাবো না, তোমায় দেখেই কথা বলতে এলাম।
আমায় দেখে..?
তিথিরার অবাক চোখে তাকানো দেখে, নাবিল আবারো হেসে বলে,
হ্যা.. ভাবলাম পিচ্চি মেয়েটা যাচ্ছে কোথায় একটু খোঁজ নেই।
আমি পিচ্চি..??
ভ্রু তুলে নাবিল। বিদ্রুপের স্বরে বলে,
তুমি বড়..?
তিথিরা আর কোনো জবাব দেয় না। ভেতরে রাগ লাগলেও, বয়সে বড় আর ভার্সিটির সিনিয়র দেখে চুপ করে রয়। নাবিলের চোখে এহেন নীরবতা বেশ মজার লাগলো বোধহয়, তাই তো হঠাৎ করেই সে শব্দ করে হেসে উঠে। কিয়ৎক্ষনবাদেই হাসি থামিয়ে বলে,
রাগ করেছো বুঝি..???
না, রাগ কেন করবো..?
এইযে পিচ্চি বললাম তোমায়।
আপনার মনে হয়েছে তাই আপনি বলেছেন এতে আমার রাগের কি আছে..?
হুমমম রাইট..!! আচ্ছা তিথিরা একটা কথা বলো… তোমায় কি বাসায় কেউ বড় বলে..? কিংবা তোমায় দেখে অন্য কেউ কি বুঝবে তুমি ভার্সিটিতে পড়ো..?
এহেন কথায় সামান্য থমকায় তিথিরা। অল্প সময়ের জন্য ভাবনায় জড়ায়। তার মুখের শিশুসুলভ ভাবটা অনেক সময়ই মানুষকে বিভ্রান্ত করে। তার উপর হাইটও মাত্র ৫ ফুট ১ ইঞ্চি। ভাবনার মাঝেই নাবিলের দিকে তাকায় সে একবার। নাবিলও তার দিকে উত্তরের আশায় চেয়ে আছে। কিছু সময় পার হতেই নাবিল নিজেই মুচকি হেসে বলে,
তুমি আসলেই পিচ্চি, পুরাই একটা বেবি..!
এ পর্যায়ে পুরোপুরি হতভম্ব হয়ে যায় তিথিরা পালটা কিছু বলবে তার আগেই দূর থেকে হর্নের আওয়াজ ভেসে আসে। নাবিলও মাথা নেড়ে বাসের দিকে ইশারা করে। তিথিরা বাসের দিকে এক পলক তাকিয়ে পালটা কোনো জবাব না দিয়েই, তাড়াহুড়ো করে বাসের দিকে এগিয়ে যায়। ব্যস্ত স্টপেজে বাসে উঠার জন্য ঠেলাঠেলির মধ্যে হারিয়ে যায় একপ্রকার। কিন্তু নাবিল সেখানেই ঠাঁই দাঁড়িয়ে রয়। তিথিরার বাসে উঠার পুরো মুহূর্তটাই পলকহীনভাবে তাকিয়ে দেখে। বাস ছেড়ে দিতেই তার ঠোঁট দিয়ে নিঃশব্দে বেরিয়ে আসে,
অভিমানী অনেক হুহ..?
আভিয়ান বাসায় ফিরেছে সবেমাত্র। বাইরে রাত নামার প্রস্তুতি চলছে। আকাশে গাঢ় নীলের উপর ছড়িয়ে আছে একফালি অর্ধচন্দ্র। দরজা দিয়ে ঢুকতেই তার দৃষ্টি যায় সোফায় বসা এক পরিচিত অবয়বের দিকে। তার বাবা এমদাদ তালুকদার, হয়তো কিছুক্ষণ আগেই ঢাকা থেকে এসেছেন। ট্রাভেল ব্যাগটা পাশেই রাখা, ভ্রমণের ক্লান্তি চোখেমুখে স্পষ্ট। হাতে চায়ের কাপ, চা-টি হয়তো বাসার হেল্পিং হ্যান্ড এসে দিয়ে গিয়েছে।
আভিয়ান এগিয়ে গিয়ে বাবার পাশে বসে, নিচু স্বরে জিজ্ঞেস করে,
কেমন আছো বাবা..?
এমদাদ তালুকদার ছেলের কাধে হাত রেখে হেসে বলেন,
আমি তো আছি ভালোই, তোমার কি খবর তা বলো।
চলছে, কখন এসেছো..?
ঘন্টাখানেক হবে।
দু’জনের মধ্যে হালকা আলাপ চলছিলো। দীর্ঘদিন পর ঢাকা থেকে এসেছেন এমদাদ তালুকদার অতএব সে নিয়েই নানান কথা কিন্তু সেসব কথার সমাপ্তি ঘটে সুহানার আগমনের জন্য। হঠাৎই সুহানা এসে আভিয়ানের পাশে দাঁড়িয়ে উচ্ছ্বাসভরে বলে,
কেমন আছো চাচ্চু..?? কতদিন পর দেখলাম তোমায়..!
ভালো আছি আম্মু, তুমি কেমন আছো..?
আমিও খুব ভালো আছি,
পড়াশোনা কেমন চলছে ???
হুম ভালোই চলছে বেশ।
এইটুকু বলতে বলতেই সুহানা আভিয়ানের পাশে বসতে যাচ্ছিলো, তখনই চট করে আভিয়ান দাঁড়িয়ে যায়।
বাবা, এতটা জার্নি করে এসেছো। এখন রেস্ট করো, আমি আসছি..!!
বলেই গটগট করে নিজের রুমে চলে যায় আভিয়ান। এমদাদ তালুকদারের বুঝতে সময় লাগলো ছেলের এমন আচরণের কারন। ছেলের সঙ্গে তার সহধর্মিণীর অনেক স্বভাবই মিলে যায় বলে সামান্য হাসলেনও বটে।
সুহানা দাঁড়িয়ে। আভিয়ানের রুমের দিকে তাকিয়ে তাকিয়েই এমদাদ তালুকদারের উদ্দেশ্যে বলতে লাগে,
চাচ্চু তুমি কতদিন থাকবে..?
আছি মোটামুটি অনেকদিন। কেন আম্মু..?
এ পর্যাহে সুহানা এমদাদ তালুকদারের দিকে তাকিয়ে বেশ মিষ্টি হেসে বলে,
না মানে তুমি যেহেতু এসেছো, তাই ভাবছি আমি এইখানেই থাকবো, তোমার সাথে তো এখন আগের মত সেইভাবে সময়ই কাটানো হয় না এজন্যই আর কি..!!
এমদাদ তালুকদার এবার হো হো করে হেসে উঠেন। হাসতে হাসতেই বলেন,
আচ্ছা আচ্ছা, ঠিক আছে সবই হবে। অনেকক্ষণ হলো বসে আছি, ফ্রেশ হওয়া দরকার, কি বলো সুহানা..?
হ্যা হ্যা, যাও ফ্রেশ হয়ে নাও। আমিও ফ্রেশ হয়ে নেই।
রাত বাজে প্রায় পৌনে দশটা, জয়ন্তী চৌধুরী সবেমাত্র বাসায় ফিরেছেন। তার সাথে জিদানও আছে। জিদানের ক্লাস আজ একদম শেষ বিকেল অব্দি ছিলো বিধায় ক্লাস শেষেই সে মায়ের হসপিটালে গিয়েছিলো, মায়ের কাজ শেষে একসাথে বাড়ি ফিরবে বলে। বাসায় ফিরেই জয়ন্তী চৌধুরী অদ্ভুত এক আবহ টের পেলেন। স্বাভাবিকভাবে তাদের বাড়ি মোটামুটি শান্তই থাকে। জিদান একটু চঞ্চল স্বভাবের হলেও আভিয়ান সবসময়ই নিজের খোলসে ঢাকা থাকে। চুপচাপ, গম্ভীর। কিন্তু আজ ঘরে ঢুকতেই তিনি টের পেলেন পরিবেশ অন্যরকম। যেন বাড়িটা হঠাৎ করেই প্রাণবন্ত হয়ে উঠেছে। এসব ভাবতে ভাবতেই তিনি লিভিং রুমে ঢুকে দেখতে পেলেন এমদাদ তালুকদার হেসে হেসে কার সাথে যেন ফোনে কথা বলছিলেন, তার পাশের সোফায় সুহানা হাতের নখে লালচে নেইলপলিশ মেখে নিপুণভাবে শুকাচ্ছে। আশেপাশে আভিয়ানকে চোখে পড়লো না। অনুমান করলেন ছেলেটা নিশ্চয়ই তার ঘরে দরজা আটকে বসে আছে, স্বভাবসুলভ নির্লিপ্ততায়।। জিদান তার বাবাকে দেখেই বেশ উউচ্ছ্বাসে ডেকে উঠে,
বাবা..!!!!
এমদাদ তালুকদার কথা বলা থামিয়ে, কলটি কেটে দিলেন মুহুর্তের মধ্যে। তারপর হাসিমুখে তাকিয়ে বললেন,
আরে জয়ন্তী, কখন এলে তুমি, সেই কখন থেকে অপেক্ষা করছি তোমার।
বাবার এমন কথায় জিদানের মুখখানা চুপসে গিয়েছে। সে ভেবেছিলো তার ডাক শুনেই এমদাদ তালুকদার হয়তো আবেগে তাকে জড়িয়ে ধরবেন কিন্তু জড়িয়ে ধরা তো দূরে থাক, তার দিকে তার বাবা তাকায় নি পর্যন্ত। হতাশ হয়ে সুহানার দিকে তাকাতেই সুহানা চোখ টিপ মারলো তাকে, আচমকা সেই ভঙ্গিতে আরো হকচকিয়ে যায় জিদান। দ্রুত সেদিক থেকে চোখ সরিয়ে আবারো বাবা-মায়ের দিকে চোখ রাখে সে।
মাত্রই এসেছি, তুমি এসেছো কখন? ডিনার করেছো কি..?
তোমার সাথে থাকলে কি কখনো তোমায় ছাড়া ডিনার করেছি..??
এমদাদের উত্তর শুনে জয়ন্তীর ঠোঁটে নরম এক হাসি ফুটে। অপরদিকে এমদাদ তালুকদারের কথার রেশ ধরে সুহানা চোখ পিটপিট করে বলে,
ওয়াও চাচ্চু, তুমি কত্ত রোম্যান্টিক..!!
এমদাদ তালুকদারও খুনসুটি করে উত্তর দিলেন,
এইভাবে বউয়ের মন জয় করে চলতে হয়, বুঝলে আম্মু..?
আমার বুঝে কি লাভ..?
তোমার ছেলেদেরও শিখিয়ে দিয়ো এই টেকনিক, কাজে দিবে আমার ভবিষ্যতে,
প্রথম কথা গুলো জোরে বললেও, পরের লাইনটা একদম মিনমিন করে বলে সুহানা। সুহানার এই কথা শুনে জিদান তার দুই হাত বুকের উপর আড়াআড়ি ভাবে রেখে বেশ ভাবুক ভঙ্গিতে বলে,
আমি নাহয় শিখে নিবো কিন্তু আভিয়ান ভাই..!! উহু ইম্পসিবল..!!
জিদানের কথা শুনে সুহানা তাচ্ছিল্যের হাসি হেসে বলে,
বউ সুন্দর হলে পুরুষ মানুষ সবই করে, যদিও এটা সবার ক্ষেত্রে খাটে না এই যেমন দেখ চাচিমনি এমন হওয়া স্বত্বেও চাচ্চু কত্ত ভালোবাসে। তাহলে চিন্তা কর যদি আভিয়ান ভাই সুন্দর বউ পায় তাহলে আরো ভালোবাসবে তাই না।
মুহূর্তেই ঘরের মধ্যে নিস্তব্ধ নীরবতা নেমে আসে। এই কথার গভীরতা ঠিক কতখানি, সেটা উপস্থিত সবাই বুঝলো শুধুমাত্র সুহানা বাদে। নিজের মুখ থেকে কি বেরিয়ে গেলো, তা টের পেয়ে মুহূর্তেই সুহানার মুখ ফ্যাকাসে হয়ে আসে। আমতা আমতা করে কোনো রকম সাফাই গাইতেই যাচ্ছিলাও, তখনই অন্য দিক থেকে ভেসে আসে এক কর্কশ কণ্ঠ,
সবাইকে এক পাল্লায় মেপো না সুহানা..! আমি আভিয়ান তালুকদার বরাবরই এক্সেপশন থাকতে পছন্দ করি, কারো ধারণা দিয়ে আমার চরিত্র মাপা যাবে না। আর ভালোবাসা..! ভালোবাসার কাছে রূপ-সৌন্দর্য কিছুই নয়, ভালোবাসার কাছে সব কিছুই মিথ্যে, ভালোবাসার মানুষ যেমনই হোক তাকে সর্বদা পূর্ণভাবে ভালোবাসা যায়। যদিও তোমার ব্রেইনের ভেতর এই কথাগুলো ঢুকবে কিনা জানিনা, তবুও কষ্ট করে ঢুকিয়ে নিয়ো ফিউচারে কাজে দিলেও দিতে পারে।
আভিয়ানের শীতল কন্ঠে সুহানা হকচকায়। চোখেমুখে অসহায় ভাব ফুটে। চাচ্চু, চাচিমনি, জিদান অব্দি ঠিক ছিলো কিন্তু আভিয়ান ব্যপারটি শুনেছে এটা মোটেও তার জন্য ভালো কিছু না। সুহানা এবার নিরীহ কন্ঠে বলতে শুরু করে,
না আমি আসলে সেভাবে বলতে চাই নি আভিয়ান ভাই। আমি আসলে বলছিলাম যে,
সুহানার কথা গুলো গলার মধ্যেই আটকে যায় কারন আভিয়ান হাত উঠিয়ে তাকে থামতে বলেছে। আর কিছুই বলতে পারলো না সুহানা তাই চুপই রইলো।
ফ্রেশ হয়ে আসো মামনি। রাত অনেক হয়েছে ডিনার করবো।
আভিয়ানের কথায় জয়ন্তী চৌধুরী আর সেইখানে দাড়ালেন না, ফ্রেশ হওয়ার জন্য চলে গেলেন নিজ ঘরে। জয়ন্তী চৌধুরী চলে যাওয়ার পর এমদাদ তালুকদারও গেলেন তার পিছন পিছন। জিদান এখনো দাঁড়িয়ে বিধায় আভিয়ান কাটকাট গলায় প্রশ্ন করে,
তোকে কি আলাদা করে দাওয়াত দিয়ে বলতে হবে যাওয়ার কথা..??
বড় ভাইয়ের এমন কথায় জিদান মনে হয় না এক সেকেন্ডও সময় নষ্ট করেছে। তড়িঘড়ি করে নিজের রুমের দিকে পা বাড়িয়েছে সে। সবাই চলে যাওয়া মাত্র সুহানা চুপচাপ উঠে দাঁড়িয়েছে। ভেবেছিলো সেও চুপিচুপি রুমে ঢুকে যাবে, কিন্তু সুযোগ আভিয়ান তাকে দেয় নি, কয়েক কদমেই সুহানার একদম মুখোমুখি এসে দাঁড়িয়েছে সে। সুহানা তাকিয়ে লক্ষ্য করে আভিয়ানের কপালে রগগুলো কেমন ফুলে উঠেছে, চোখে দিয়ে ক্রোধ ঝড়ছে। আভিয়ান নিচু গলায়, রাগ চেপে বলতে লাগে,
নেক্সট টাইম আমারই বাড়িতে বসে, আমারই মামনিকে নিয়ে উলটা পালটা কথা বললে একদম গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবো তোমায় সুহানা। আজ প্রথমদিন বলে ছাড় দিলাম তাই বলে বার বার ছাড় দিবো এটা ভেবো না কিন্তু। আমি যে বেশি একটা সুবিধার না এটা নিশ্চয়ই জানো..!! তো নেক্সট টাইম এরকম কিছু হলে সেটা তোমার জন্য নিশ্চয়ই ভালো কিছু বয়ে আনবে না..!!
এন নাগাড়ে কথা গুলো বলে ধুপধাপ পা ফেলে লিভিং রুম ত্যাগ করে আভিয়ান। সুহানা কেবল একা দাঁড়িয়ে রয়। ঠোঁট কামড়ে রাগ কমানোর চেষ্টা চালাচ্ছে। আর আপনমনেই ভেতরে ভেতরে ক্ষোভে ফুঁসছে
রাত তখন প্রায় সাড়ে দশটা। চারপাশে নিরবতা নেমে এসেছে, তবে মুরগি পার্টির ছয়জন পন্ডিতের কাছে সেই নীরবতা যেন কানে তুলো দিয়ে রাখার মত বিরক্তিকর। তাই তো সকলে এখন ভিডিও কলে জয়েন হয়ে বসে রয়েছে। তিথিরাই হাঁকডাক ছেড়ে সবাইকে জয়েন হতে বলেছে। সে মোতাবেকই স্ক্রিনে জ্বলজ্বল করছে ৬ মানব মানবীর মুখবয়ব।
কিরে, কিছু বলবি..? নাকি ঘুম পাড়ানি গান শোনাবি? এতক্ষণ তাড়া দিলি কলে ঢুকতে, আর এখন মুখে কেন তালা মেরে বসে আছিস।,
নাইমুল হাই তুলতে তুলতে কথা গুলো তিথিরাকে উপরোক্ত কথা গুলো বলে,
তিথিরা কোনো জবাব না দিয়ে গাল দু’টো হাতে চেপে ধরে বাকিদের একেকটা কর্মকাণ্ড দেখতে লাগলো। ইয়াশফা ব্যাগ গোছাচ্ছে, নেহাল এক প্যাকেট চিপস ফাঁকা করার মিশনে আছে। তাশিক খাতায় কিছু একটা লিখছে, নাইমুল তো বিছানায় আধশোয়া হয়ে কেবল ঘুমের সঙ্গে লড়াই করছে। রিহা আবার আয়নার সামনে বসে চুল বাঁধছে বড় মনোযোগ দিয়ে। তিথিরা ঠোঁট গোল করে ছোট এক নিশ্বাস ফেলে বলে,
তোরা কি সবাই একটু আমার দিকে মনোযোগ দিবি..? তোরা যে যার মত নিজেদের কাজ করে যাচ্ছিস, এইগুলা রাখ না প্লিজ, ইম্পর্ট্যান্ট কথা বলবো।
তাশিক খাতা থেকে চোখ না সরিয়েই বললো,
আচ্ছা আচ্ছা বল, আমরা তো শুনছি।
না, তোরা ফুল মনোযোগ দিয়ে আমার দিকে তাকালেই আমি কথাটা বললবো, এছাড়া কিছুই বলবো না,
ইয়াশফা এবার তিথিরার কথায় বিরক্ত হয়ে বলে,
তিথিরাআআ ড্রামা কুইননন..!! আমরা তো কানে শুনছি, চোখে না। প্লিজ শুরু কর।
নেহাল ওদের কাহিনিতে বিরক্ত হয়ে ‘'চ’’ জাতীয় শব্দ করে বলে উঠে,
ভাই তোরা রাখ একটু তোদের কাজ, টিউব লাইট কি বলতে চায় আগে সেইটা শুনি, তারপর আবার কাজ করিস, নাইলে ও ঘ্যানঘ্যান করতেই থাকবো।
নেহালের এই কথায় তিথিরা বেশ খুশি হয়ে তার ঝকঝকে দাঁতগুলো বের করে একটা হাসি দেয়। সকলের একসাথে মনোযোগ পেতেই এক এক করে বিকেলে ঘটে যাওয়া সমস্ত কাহিনি বন্ধুদের উগলে দেয়। কোনো কানাকড়িও বাদ দেয় না। আর সমস্ত কাহিনি শোনার পর সবাই বেশ অবাক হয়ে তাকিয়ে আছে। রিহা আর ইয়াশফার চোখ তো কোটর থেকে বেড়িয়ে আসার উপক্রম।
তোকে নাবিল ভাইয়া এইগুলো বলেছে..?
ইয়াশফার কন্ঠে অবাক স্পষ্ট। তিথিরা মুখে কিছু না বলে জাস্ট উপর নিচে মাথা দুলিয়ে সায় দেয়।
ঠিকই আছে ওর মত হাবাগোবা একখান মেয়ে কই না কই যাচ্ছে তাই নাবিল ভাই খোঁজ করেছে। দেশের মানুষের সেবা করাই তো কাজ তাদের তাই না।
নেহাল হাই তুলতে তুলতে বলা কথাটুকুতে হেসে বাকিরা। তবে হাসির রেশ শেষ হতেই রিহা থুতনিতে আঙুল ঘষতে ঘষতে চিন্তিত গলায় বলে,
আমার কাছে কেন জানি মনে হচ্ছে এইখানে অন্য কোনো কেস হতে যাচ্ছে,
তাশিক ভ্রু কুচকে জিজ্ঞেস করে,
কেমন কেস.?
রিহা রহস্যময় ভঙ্গিতে ক্যামেরার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে,
এখন না, পরে বলবো।
রিহার এই কথা শোনার পর মুহুর্তেই হট্টগোল বেধে যায় কলের মাঝেই, সবাই জোরাজোরি করতে শুরু করে যে এখনই বলতে। এত বেশি শোরগোল হচ্ছে যে কারো কথাই স্পষ্ট বোঝা যাচ্ছে না। রিহা সবাই কে চুপ করানোর জন্য চিৎকার করে উঠে,
স্টপ..!!!!!! বা'ল এত চিল্লাচিল্লি করিস কেন, পরে বলবো মানে যখন দেখা হবে তখন বলবো, আর আরো কিছু অবজারভেশন বাকি আছে তাহলে শিওর বলতে পারবো।
রিহার এই কথায় সবাই একে অপরের মুখের দিকে তাকিয়ে চুপ হয়ে গেলো। বিষয়টিকে আর তেমন পাত্তা না দিয়ে সবাই অন্য টপিক নিয়ে বকবক করতে লাগে।
ঠান্ডা বাতাস বইছে বাইরে, জানালার পর্দার ফাঁক গলে মিহি চাঁদের আলো ঘরে ঢুকে রুমটাকে স্বপ্নীল করে তুলেছে। অ্যালাইজা তার বেডে শুয়ে আছে। শুয়ে থেকেই একের পর এক চিন্তা ভর করছে তার মাথায়। আজ অদ্ভুত এক অস্থিরতা কাজ করছে তার ভেতরে। শুয়ে শুয়েই এপাশ ওপাশ করছে কেবল। তবে শরীরটা স্থির থাকতে পারছে না। অবশেষে দম নিয়ে সে মোবাইলটা হাতে তুলে নেয়, কিছুক্ষণ দ্বিধায় থেকে হঠাৎই সায়েমকে কল দিয়ে বসে। অ্যালাইজা ভেবেছিলো সায়েম আগের মতো এবারও কল ধরবে না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ফোনটা বেজে উঠতেই ওপাশ থেকে সায়েম রিসিভ করে।
হ্যালো..!
সায়েমের কণ্ঠস্বর শুনেই অ্যালাইজার বুকের ভেতর ধক করে উঠে। সেকেন্ডেই গলা শুকিয়ে চৌচির। তার নীরবতায় ওপাশ থেকে আবারো সায়েমের গলা ভেসে আসে,
হ্যালো.. অ্যালাইজা..!
সায়েম ভাইয়া..!
কথার বিপরীতে ওপাশ থেকে সায়েমের নিশ্বাসের শব্দ ছাড়া আর কিছু শুনতে পায় না অ্যালাইজা। তাই তো নিজ থেকেই বলে,
সায়েম ভাইয়া.. কেমন আছেন..?
ভালো… তুমি কেমন আছো..?
সায়েমের এই কথায় অ্যালাইজা চোখমুখ বিকৃত করে মনে মনে ভাবে, এতদিন জ্বালিয়ে এখন জিজ্ঞেস করা হচ্ছে কেমন আছি। মনের ভেতরের কথাগুলো চেপে রেখে মৃদুস্বরে উত্তর দেয়,
আমিও ভালো আছি, আপনার শরীর সুস্থ এখন..?
হুম সুস্থ..!
বেশ উতলা গলায় অ্যালাইজা প্রশ্ন করে,
তাহলে পড়াতে আসবেন কবে..???
কাল থেকেই..!
সায়েম আগামীকাল থেকে পড়াতে আসবে শুনে অ্যালাইজার মনে আনন্দের ঢেউ খেলে গিয়েছে। সে কালকে সায়েমকে দেখতে পাবে। এটুকু ভেবেই পুলকিত তার মন। চোখে মুখে খুশির ঝিলিক ফুটে উঠেছে। অন্ধকারেও তার খুশির ঝলকানি স্পষ্ট বোঝা যাচ্ছে।
অ্যালাইজা..!
চিন্তায় বুঁদ হওয়া অ্যালাইজা নিজের নাম শুনে দ্রুত জবাব দেয়,
জ্বী ভাইয়া..!
চুপ কেন..?
এমনিতেই.. না মানে, চিন্তা করছিলাম পড়া কি কি বাদ আছে,
সেগুলো তো কভার করতে হবে তাড়াতাড়ি..!
অ্যালাইজার কথায় সায়েম হেসে ফেললো। তার হাসির শব্দটা অ্যালাইজা চোখ বন্ধ করে মন ভরে শুনে নেয়। সায়েম হাসি থামিয়ে সায়েম মৃদুস্বরে বললো,
মাথায় সুবুদ্ধি হয়েছে দেখছি,পড়াশোনা নিয়ে বেশ সিরিয়াস। হুমম বেশ ভালো..!
আপনিও তো পড়াশোনায় ভীষণ সিরিয়াস। আপনার সঙ্গে তাল মেলাতে হলে আমাকেও সিরিয়াস হতে হয়, তাই না..?
অ্যালাইজার এই কথা সায়েম ধরতে পারলো না,
আমার সাথে তাল মেলাতে হবে.?? মানে..?
কিছু না, কাল কখন আসবেন বিকেলে নাকি সন্ধ্যায়..?
বিকেলে..!
আচ্ছা, রাখি তাহলে..!
কল কেটেই বুকে ফোন চেপে থম মেরে পড়ে রয় অ্যালাইজা। কিছুক্ষণ বাদেই আবার হোয়াটসঅ্যাপে গিয়ে সায়েমের প্রোফাইলে ঢুকে। একদৃষ্টিতে তাকিয়ে রইয় ছেলেটার ডিপির দিকে। মাথাভর্তি চুল, কাধ অব্দি ঝুলে আছে, শ্যামলা রঙ, স্কাই ব্লু শার্ট আর অফ-হোয়াইট প্যান্ট… এই মানুষটার মধ্যে কি এমন আছে যে তার মন এভাবে উলটপালট হয়ে যায়, সে নিজেও জানে না। অ্যালাইজা নিজেকে সুন্দরী বলতে দ্বিধা করে না। বহু প্রেমের প্রস্তাব এসেছে তার কাছে। সুদর্শন ছেলেরা প্রেম নিবেদন করেছে, কিন্তু কাউকেই কখনো মনে ধরেনি। অথচ সায়েমের সাধারণ শ্যামল মুখ, তার শান্ত ভঙ্গি, এসব সাধারণ বিষয়ই অ্যালাইজার হৃদয়ের প্রতিটি শূন্য জায়গায় দখল করেছে।
আরেকদিকে ফোন রাখার পর থেকে সায়েমের বুকের ভেতর অদ্ভুত প্রশান্তি নেমে আসে। এতদিন ধরে যে অশান্তি তার মনে ঝড় তুলেছিলো, সেটি যেন হঠাৎ করেই থেমে গিয়ে শান্ত সমুদ্রের মতো হয়ে গিয়েছে। তার ঠোঁটে এক অজানা হাসি খেলে যায়। মনে মনে ভাবতে লাগে কই ছিলো এতদিন এই শান্তি। অ্যালাইজার এই একটি কল, সামান্য কথাবার্তায় কি এতটা প্রশান্তি মিলতে পারে..?
অ্যালাইজাকে নিঃশব্দে ভালোবাসে সায়েম। প্রতিবার যখন তাকে দেখে, মনে হয় পৃথিবীর ভিড়ের মাঝেও অ্যালাইজা শুধু তার জন্যই সবচেয়ে আপন। অথচ সে কখনো মুখে কিছু বলেনি। বুকের ভেতরের ভালোবাসাটা লুকিয়ে রাখে কেবল নিজের কাছেই।
অন্যদিকে অ্যালাইজার ভেতরেও একই ভালোবাসা। সায়েমের ছোট্ট এক হাসি বা সামান্য এক শব্দেই তার পৃথিবী আলোয় ভরে উঠে। বার বার মনে হয় মানুষটা তার। সায়েম নামক পুরুষটাকে তার চাই। কিন্তু বলতে এক আকাশসম দ্বিধা। মনে মনে ভাবনা উঁকি দেয়, হয়তো সায়েম তাকে নিয়ে এভাবে ভাবে না। তাদের ভালোবাসা যেন একইসাথে পূর্ণ আর অসম্পূর্ণ। পূর্ণ, কারণ দু’জনেই গভীরভাবে ভালোবাসে। অসম্পূর্ণ, কারণ কেউই জানে না যে অন্যজনও একই স্বপ্নে ডুবে আছে।
রাতে বেশ দেরি করেই ডিনারে বসেছে আভিয়ানরা। এমদাদ তালুকদার হঠাৎ ঢাকা থেকে এসে হাজির হয়েছেন বলে জয়ন্তী চৌধুরী নিজ হাতে স্বামীর পছন্দের কিছু বিশেষ পদ রান্না করেছেন। সেই কারণেই ডিনারের সময় অনেকটা পিছিয়ে গিয়েছে। ডাইনিং টেবিল ভর্তি গরম ভাত, গলদা চিংড়ি ভুনা, ডিমের কোরমা, মাছের ঝোল আর সালাদের মনোহর আয়োজন দেখে সবারই মুখে পরিতৃপ্তির ছাপ। খাওয়া দাওয়ার মাঝেই এমদাদ তালুকদার কথার সূত্রপাত করে বলেন,
তোমার গ্র্যাজুয়েশন তো কমপ্লিট। তাহলে এবার একটু বুড়ো বাপটার দিকে তাকাও..!
আভিয়ান খাওয়া বাদ দিয়ে বাবার দিকে জিজ্ঞাসুক দৃষ্টিতে তাকায়। এমদাদ তালুকদার এবার সোজাসাপ্টা বললেন,
এত বড় বিজনেস আর আমার একার পক্ষে সামলানো সম্ভব হচ্ছে না আভিয়ান। আমার সাহায্যের প্রয়োজন..!
আর তোমাকে কে বললো আমি ব্যবসায় বসতে ইন্টেরেস্টেড..?
মানে..???
মানে এমন ও তো হতে পারে আমি অন্য কিছুর প্ল্যান করছি..!
এমদাদ তালুকদার কপালে ভাঁজ ফেলে ছেলের দিকে তাকিয়ে বললেন,
দেখো আভিয়ান ব্যবসাটা তিলতিল করে গড়ে তোলা। সব কিছুই রেডি, তুমি শুধু যাবে আর সেইটার দেখাশোনা করবে, ব্যাস এইটুকুই..!
এটাই তো সমস্যা বাবা, আমি তো রেডি কিছু চাই না, আমার মাথায় এনাফ ব্রেইন আছে তাই না..? নিজে থেকে কিছু করার চেষ্টা করি..?
এমদাদ তালুকদার এবার কিছুটা নরম সুরে বললেন,
আভিয়ান আমি জানি তুমি যথেষ্ট বুদ্ধিমান ছেলে। আর আমি এটাও জানি তুমি নিজে কিছু না কিছু করতে পারবেই, আমি শুধু চাই তোমার এই তীক্ষ্ণ বুদ্ধি আমার ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহার করো। কারন এটা আমার অনেক কষ্টের ব্যবসা। এমনি এমনি তো আর সফলতা অর্জন করি নি আমি।
আভিয়ান এবার আর কোনো উত্তর দেয় না। চুপচাপ নিজের মত খেয়ে যাচ্ছে সে, অপরদিকে এমদাদ তালুকদার উৎসুক হয়ে চেয়ে রয়েছে ছেলের দিকে। আভিয়ান কিছু বলছে না দেখে তিনি আবারো বললেন,
আভিয়ান তুমি কি আমার কথা শুনবে না..? জয়ন্তী কিছু বলো ছেলেকে..?
জয়ন্তী চৌধুরী এ পর্যন্ত চুপ ছিলেন। এবার শান্ত স্বরে বললেন,
এসব বিষয়ে আমি কিছুই বলবো না, আভিয়ান বড় হয়েছে আর যথেষ্ট বুঝদার ছেলে। আমি কিছু বলে নিশ্চয়ই ওর মনের অবস্থার পরিবর্তন আনতে পারবো না। তুমি যদি কথা বলে মানাতে পারো তবে মানাও আমার আপত্তি নেই তাতে..!!
এতক্ষণ সুহানা চুপচাপই শুনছিলো সমস্তটা। খেতে খেতে নিজেই চিন্তা করে, আভিয়ান যদি ব্যবসায়ে বসে তাহলে সে ঢাকায় থাকবে, আর ঢাকায় যেহেতু থাকবে তাহলে তার তালুকদার কুঠিতেই থাকতে হবে সবার সঙ্গে, তার মানে একই বাড়িতে আভিয়ানের সঙ্গে থাকা হবে। নিজের মত চিন্তা করেই খুশিতে আঁটখানা হয় সুহানা। আভিয়ানের দিকে তাকিয়ে বুঝানোর তাগিদে বলে,
আভিয়ান ভাই, তুমি যদি ব্যবসায়ে বসো এতে তো চাচ্চুর জন্যই ভালো, চাচ্চুর শরীরটাও তো আর আগের মত ভালো যায় না প্লাস বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে হয় চাচ্চুকে। তুমি জয়েন হলে সেই প্রেশারটা কমে যেতো।
সুহানার কথায় এমদাদ তালুকদারের মুখে একরাশ খুশির ছাপ ফুটে উঠে। তিনি মাথা নেড়ে আভিয়ানের দিকে কিছু বলতে যাচ্ছিলেন, ঠিক তখনই আভিয়ান দৃঢ় গলায় বলে,
বাবা..!! আমি এই এরিয়া ছেড়ে কোথাও যাবো না।
মুহূর্তেই টেবিল জুড়ে নিস্তব্ধতা নেমে আসে। সবাই অবাক হয়ে তাকিয়ে তার দিকে। এমদাদ তালুকদার কথার অর্থ বুঝতে না পেরে ধীর স্বরে জিজ্ঞেস করেন,
মানে..?
মানে আমি মামনিকে ছেড়ে অন্য কোথাও যেতে চাচ্ছি না, অফিসে জয়েন করতে আমার কোনো প্রবলেম ছিলো না কিন্তু অফিসে জয়েন করতে গেলে আমার ঢাকায় গিয়ে থাকতে হবে যা আমি চাই না..!
নিজের মত কথা গুলো বলেই চলে যায় আভিয়ান। এমদাদ তালুকদার কয়েকবার ছেলেকে পিছু ডেকেছিলেন তবে তাতেও খুব একটা লাভ হয় নি। আভিয়ান শুনে নি..!! পিনপিনে নীরবতা নেমে আসে ডাইনিং টেবিল জুড়ে। ভাবনায় মসগুল এমদাদ তালুকদার। মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে অদ্ভুত সব চিন্তা। বহুদিনের স্বপ্ন ছিলো ছেলের গ্র্যাজুয়েশন শেষ হলে ব্যবসার ভার আভিয়ানের হাতে তুলে দেবেন। নিজে একটু স্বস্তির নিঃশ্বাস নিয়ে বাকি জীবনটা শান্তিতে কাটাবেন।
কিন্তু সেই আশা যেন মুহূর্তেই ভেঙে খানখান হয়ে গিয়েছে। বালতির পর বালতি পানি ঢেলে দিয়েছে স্বয়ং আভিয়ান নিজেই। চোখ বন্ধ করে এমদাদ তালুকদার দীর্ঘশ্বাস ফেললেন। কিভাবে ছেলের হাতে ব্যবসার দায়িত্ব তুলে দেবেন?
চলবে..
