রংতুলিতে তুমি । পর্ব - ০৫
তিথিরার অনুপস্থিতিতে বন্ধু মহলে আজ এক ধরনের শূন্যতা কাজ করছে। আজ তিথিরা ভার্সিটিতে আসেনি। সকাল থেকে কারো সাথেই তার যোগাযোগও হয় নি, মেসেঞ্জারে কোনো রিপ্লাই দেয়নি, গ্রুপেও কোনো টেক্সট দেয়নি। তাই কেউই জানে না হঠাৎ করে কেন তিথিরা অ্যাবসেন্ট। অফ পিরিয়ড হওয়াতে ক্লাসরুমের ভেতর অকারণ আড্ডা জমে উঠেছে। স্বভাবতই আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে তিথিরার অনুপস্থিতি।
তিথিরা না আসলে আমাকে অন্তত জানায় সব সময়। আজ কি হলো তাহলে..?
গালে হাত দিয়ে ইয়াশফা চিন্তিত গলায় উপরোক্ত কথাটি ছুড়ে।
হ্যা তার উপর আবার কাল আমি ওকে অনলাইনেও দেখি নি।
হুম.. গ্রুপেও ছিলো না কালকে, কি হয়েছে কে জানে?
তাশিক আর রিহার পর পর কথায় নেহাল বলে উঠে,
আরেহ বাল এত কাহিনি না কইরা ওরে কল দে, তাইলেই তো হয়।
নেহালের কথায় উৎসুক হয় বাকিরা। যেহেতু অফ পিরিয়ড চলছে তাই এখনই দেয়ার সিন্ধান্ত নেয় তারা। ভাবনা অনুযায়ীই কল দেয় রিহা। পরপর দুই বার দেয়ার পরেও ওপাশ থেকে রিসিভ হয় না। তাতে এইবার বাকিদের দিকে তাকায় রিহা, দু’দিকে মাথা নাড়িয়ে ইশারায় বোঝায় তিথিরা কল ধরছে না। ইয়াশফার চোখেমুখে এবার সত্যি সত্যিই দুশ্চিন্তার ছাপ ফুটে উঠে। চিন্তিত মুখে কিছুক্ষণ বসে থাকার পর হুট করে তার মাথায় আসে অন্য এক আইডিয়া। হুট করেই উৎসুক হয়ে বাকিদের দিকে তাকায় সে। মুখে সামান্য হাসি ফুটিয়ে বলে,
আরে, আমার কাছে তো আন্টির নাম্বার আছে..!!
এহেন কথায় তাশিক ঠোঁটে ঠোঁট চেপে ইয়াশফার মাথায় একটা চাটি মেরে বলে,
তাহলে হ্যাবলার মত বসে আছিস কেন? কল দে তাড়াতাড়ি।
ইয়াশফাও অতর্কিত চাটি খেয়ে পাল্টা কিছু বলতে যাবে ওম্নি বাকিরা তাড়া দিতে লাগে তাকে। তাই আর তাশিককে কিছু না বলে তিথিরার মায়ের নাম্বারে কল লাগায় সরাসরি। কিছু সময় পেরোতে না পেরোতেই রিহা ভ্রু কুচকে জিজ্ঞেস করে,
ধরলো????
রিং হতে দিবি তো!
মুহুর্তেই ওপাশ থেকে কল রিসিভ হয়। আর তাতে সকলের মনোযোগ আঁটকে যায় ইয়াশফাতে,
আসসালামু আলাইকুম আন্টি।
জ্বি আন্টি ভালো আছি, তুমি কেমন আছো?
পাশে থেকে কোনো কথা শুনতে পাচ্ছে না বলে নাইমুল ‘'চ’’ জাতীয় শব্দ করে ফিসফিস করে বলে,
ধুর কিছুই তো শোনা যাচ্ছে না, লাউডে দে!!
হ ইয়াশফা, কিছুই শুনতাছি না লাউডে দে তুই।
বন্ধুদের গুঁতো খেয়ে ইয়াশফা আর দেরি না করে ফোনটা স্পিকারে দেয়,
ইয়ে মানে আন্টি তিথিরাকে কল করেছিলাম কিন্তু ও কল ধরছে না, এজন্যই তোমাকে কল করলাম।
তিথিরার তো বেশ জ্বর তাই হয়তো খেয়ালে নেই ওর ফোনের কথা, এই জ্বরের জন্যই তো আজ ভার্সিটিতে যেতে পারে নি।
তিথিরার জ্বর শুনে মুহুর্তেই সবার চেহারা মলিন হয়ে আসে। ইয়াশফা উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করে,
কবে থেকে জ্বর আন্টি?
এইতো গত সন্ধ্যা থেকেই জ্বর। তিথিরা, সায়েম দুই জনেরই জ্বর এসেছে।
অবাক হয় ইয়াশফা ও নেহাল। ইয়াশফা বলতে লাগে,
সায়েম ভাইয়ারও জ্বর??? তাহলে তো তোমার উপর অনেক প্রেশার যাচ্ছে, একই সাথে বাসায় দু’জন মানুষ অসুস্থ।
সায়েমের কথা বাকি তিন জন জানেনা, রিহা খোচা মেরে নেহালকে ফিশফিশ জিজ্ঞেস করতেই নেহাল জানায় সায়েম তিথিরার বড় ভাই।
- তা তো বটেই রে মা। তুমি কি এখন ভার্সিটিতে নাকি?
- হ্যা আন্টি, আমরা সবাই-ই চিন্তা করছিলাম তিথিরার জন্য।
- চিন্তা করো না, রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে।
- আচ্ছা আন্টি, তুমিও নিজের দিকে খেয়াল রেখো।
- আচ্ছা ঠিক আছে, সময় পেলে বাসায় এসো কিন্তু, আর পারলে তোমাদের মুরগী পার্টির সব গুলোকেই নিয়ে এসো কেমন???
ইয়াশফা বেশ অবাক হয়ে গোল গোল চোখে বাকিদের দিকে তাকায়, বাকিরাও অবাক হয়ে চেয়ে আছে ফোনের দিকে। ইয়াশফা কোনোরকম বলে,
- আচ্ছা আন্টি রাখি তবে।
এইটুকু বলেই কল কেটে দেয় ইয়াশফা। কল কেটে বাকিদের দিকে তাকানো মাত্রই নাইমুল বলে উঠে,
- আন্টি আমাদের মুরগী পার্টির খবর কিভাবে জানলো?
- হাবলু-গাবলু তিথিরার পেটে কোনো কথা থাকে নাকি, সব গিয়ে মায়ের কাছে উগলে দেয় একদম।
তাশিক এইবার বেশ বাঁকা হেসে ইয়াশফার দিকে তাকিয়ে বলে,
- তবে যে যা-ই বল,
ইয়াশফা যে এমন ভদ্র ভাবেও কথা বলতে জানে এটা আমার এখনো বিশ্বাস হচ্ছে না।
ইয়াশফা তাশিকের দিকে ক্ষুব্ধ চোখে তাকিয়ে দাঁত খিঁচিয়ে উত্তর দেয়,
ভালোদের সাথে আমি ভদ্র ভাবেই কথা বলি, আর খারাপদের সাথে জঘন্য ভাবে কথা বলি। তাও যদি তোর বিশ্বাস না হয় তাহলে কাছে আয়, তোকে বিশ্বাস করাচ্ছি..!! আমার বড় বড় নখ গুলো যখন তোর গালে আঁচড় কাটবে তখন বিশ্বাস করবি তুই।
এইটুকু বলেই তাশিকের দিকে তেড়ে যায় ইয়াশফা। ইয়াশফা এগোচ্ছে দেখেই এক লাফে তাশিক গিয়ে নাইমুলের পিছে লুকায়। তাতে নাইমুল অপ্রস্তুত হয়ে বলে,
- এই এই তোরা ঝগড়া করবি কর, তোদের মাঝে আমাকে টানছিস কেন? আমি তোদের কিছু বলেছি? সর বলছি, দূরে যা।
পুনরায় হাহাকার করে নেহালকে ডেকে বলে,
- নেহাআআআআআল বাঁচা ভাই,
- আমি এসবে নাই, নিজে বাঁচলে বাপের নাম!
ওদের এসব কাহিনিতে রিহা হঠাৎ গর্জে বলে উঠে,
- উফফ..!!! থামবি তোরা..??? তিথিরা অসুস্থ ভুলে গিয়েছিস নাকি?? কোথায় মেয়েটার জন্য একটু দোয়া করবি তা না করে লাফালাফি করতে ব্যস্ত।
রিহার কথায় কোলাহল থেমে যায় তাদের। খুনসুটি ভরা মনে মুহুর্তেই ভর করে একরাশ বিষন্নতা।
আমরা প্রতিদিন এত ভোর সকালে খামোখা কেন যে ভার্সিটিতে ধাওয়া করি, তার আসল লজিকটা আমি এখনো বুঝলাম না।
শোভনের কানে ফিসফিস করে উপরোক্ত কথাটি ছুড়ে আদনান। এরূপ কথায় শোভন হাতের ইশারায় আদনানকে বলে,
- আস্তে বল ভাই, শুনতে পাবে ওরা।
এইটুকু বলেই তড়িঘড়ি করে সামনের দিকে তাকায়। তাদের খানিকটা সামনে নিজস্ব গতিতে হেটে যাচ্ছে আভিয়ান, নাবিল আর পাভেল। আজ নিকিতা আর আলিনা নেই সাথে। ছেলেরা সকালের ভিড় ঠেলে নিজেদের মত করে করিডোর দিয়ে এগোচ্ছে। সেদিন রাতের সেই তুলকালাম কাণ্ডের পর থেকে কেউ আর ভুল করেও নাবিলকে নিয়ে কোনো খোঁচাখুঁচি বা রসিকতা করার দুঃসাহস দেখায়নি। তবে কেউ সরাসরি মুখ ফুটে কিছু না বললেও, এক অঘোষিত নীরবতা ঝুলছে সবার মাথার উপর। সবাই কেবল নীরব দর্শক হয়ে ঘটনাপ্রবাহ দেখছে, কিন্তু টুঁ শব্দটিও করছে না। আভিয়ান সবার আগে হাটছে, আর পিছু পিছু বাকিরা। ভার্সিটিতে আসার আগেই আভিয়ান সব খবর নিয়ে রেখেছিলো, আজ বাংলা ডিপার্টমেন্টের ক্লাস কোন ব্লকে, কোন রুমে। সেই হিসেবেই এখন তারা পাঁচতলার বি-ব্লকের দিকে এগোচ্ছে। হেটে হেটে একেবারে ব্লকের শেষ প্রান্তে এসে দাঁড়ায় তারা।
আসতে আসতে তো একদম ব্লকের শেষ সীমানায় চলে আসলাম, আর শেষ ক্লাস তো এটাই, এইখানেই ক্লাস হচ্ছে নাকি?
কথাটুকু বলে নাবিল ক্লাসরুমের দরজার দিকে ইশারা করে। আভিয়ান গম্ভীর গলায় জবাব দেয়,
যত টুকু খবর পেয়েছি সে অনুযায়ী এইখানেই থাকার কথা। পিছন থেকে পাভেল বলে উঠে,
ক্লাস হচ্ছে তো ভিতরে যাবি কিভাবে?
ভিতরে যাওয়ার প্রয়োজন নেই, বাইরে থেকেই কাজ হবে
পাভেল বিস্মিত মুখে তাকিয়ে বলে,
মানে??
আভিয়ান আর পাভেলের কথার উত্তর করলো না। একটু এগিয়ে গিয়ে ক্লাসের জানালা বরাবর দূরত্ব রেখে দাঁড়ায়। তার দেখাদেখি বাকিরাও সেদিকে যায়। নাবিল এসে আভিয়ানের সামনে দাঁড়িয়ে ক্লাস রুমের দিকে নজর দেয়। কিন্তু ক্লাসে কোথাও দেখতে পেলো না তিথিরাকে। আবারো পুরা ক্লাসে চোখ বুলায় নাবিল, জানালা টা বেশ বড় হওয়াতে মোটামুটি সবটাই দেখা যাচ্ছে।
কি রে আভিয়ান, ভুল ক্লাস নাকি এটা?
কেন?
দেখছি না তো..!
কিছুক্ষন থেমে আবারো বলে,
তুই দেখ তো একবার।
বিরক্তিতে চোখ কুচকায় আভিয়ান। কন্ঠে বিরক্তি ঢেলে বলে,
আমি দেখবো মানে? আমার দেখে কি কাজ..?
আহা একটু দেখ না, পাচ্ছি না বলেই তো তোকে বললাম।
বিপরীতে আভিয়ান প্রত্যুত্তর করে না কোনো অতঃপর দীর্ঘশ্বাস ফেলে নাবিল একাই খুঁজতে লাগে। নাবিলের দিকে একবার তাকিয়ে আভিয়ানও এবার ক্লাসে নজর বুলায়। তর্জনী আঙুল দিয়ে কপাল ঘসতে ঘসতে বলে,
ঐ তো, ঐ ছেলেটাই তো আলিনার সাথে কথা বলেছিলো গতদিন।
কোন ছেলে?
আরে পিছে বসে ঘুমোচ্ছে যে।
হ্যা তাই তো।
কিছুক্ষণ চুপ থেকে নাবিল আবারো বললো,
তাহলে কি আজ আসে নি?
মেবি..!!
যখন বুঝলো তিথিরা আজ অ্যাবসেন্ট, তাই আর সেখানে সময় নষ্ট করার প্রয়োজন মনে করলো না তারা। ফিরে যাওয়ার কথা বলতেই শোভন বলে,
বলছিলাম যে ভার্সিটিতে যেহেতু এসেছি একটু চা খেয়ে গেলে হতো না? আজকের ওয়েদারটাও পুরা চা খাওয়ার মতই।
শোভনের এই কথা শোনামাত্র আভিয়ান বেশ হতাশ ভঙ্গিতে চোখ ঘুরায়, কিন্তু মুখে কিছু বলে না। আভিয়ানের মতিগতি বুঝার জন্য সবাই ওর চেহারার দিকে তাকিয়ে থাকলে,
- হোয়াট..?? আমার কি রূপ বেয়ে পড়ছে? এইভাবে তাকিয়ে আছিস কেন সবাই..?
আভিয়ানের এই কথায় নাবিল কিছুটা বিদ্রুপের কন্ঠে বলে উঠে,
- আভিয়ায়ান ভাইয়ের রূপ সব সময়ই বেয়ে পড়ে..!!!
নাবিলের এই কথায় চোখ মুখ কুচকে সামনের দিকে হাটা ধরে আভিয়ান। যেতে যেতে বলে,
- কফি নিয়ে ভার্সিটির পিছনে আসিস।
কিছুক্ষণের মধ্যেই ছাতিম গাছের নিচে নিজেদের মত আড্ডায় মসগুল হয় তারা। সবার হাতেই চায়ের কাপ, শুধু আভিয়ানের হাতে কফি। আড্ডা দিতে দিতে হঠাৎই তারা খেয়াল করে আলিনা আর নিকিতা ওদের দিকেই আসছে। কাছাকাছি আসতেই আলিনা চেচিয়ে বলতে লাগে,
- এইইই..!! তোরা যে ভার্সিটিতে এসেছিস একবারও জানিয়েছিস আমাদের???
- না জানলে এখন কিভাবে এলি?
আভিয়ানের এই কথায় আলিনা আড় চোখে তার দিকে তাকায়। থমথমে মুখে বলে,
- সে তো আমি আদনানের স্টোরি দেখে জানতে পেরেছি। আর জানা মাত্র ছুটে এসেছি।
- স্টোরি???? কিসের স্টোরি?
এবার আদনান কিছুটা দাঁত কেলিয়ে বলে,
সকালে ভার্সিটিতে এসে ছবি তুলে ইন্সটায় স্টোরি দিয়েছিলাম, হেহে..!!
নিকিতা চুপচাপ দাঁড়িয়ে ছিলো বলে নাবিল একটু চেপে ওকে পাশে বসার সুযোগ করে দিয়ে বলে,
- এইখানে বস, পরিষ্কার আছে।
নিকিতাও কোনো কথা না বলে পাশে বসে পড়ে। সবার মধ্যেই কেমন যেন এক অস্বস্তিকর পিনপতন নীরবতা রাজত্ব করছে। সবাই নীরব, থমথমে। নিকিতা কিছু একটা বলার জন্য মুখ খুলতেই নাবিল অনুতাপের স্বরে বলে উঠে,
- আ'ম সরি নিকিতা…
বাকি পাঁচ জন তাদের দিকেই তাকিয়ে আছে। নিকিতাও বেশ বিস্মিত নজরে চেয়ে নাবিলের দিকে। এরকমটা প্রত্যাশা করে নি সে। নিকিতা তো নিজেই নাবিলের কাছে ক্ষমা চেয়ে অপরাধবোধ হালকা করতে এসেছিল, অথচ কিভাবে কি থেকে শুরু করবে তা ভেবেই কূল পাচ্ছিলো না।
দেখ নিকিতা আমার তখন সেইভাবে তোর উপর চিৎকার করা উচিত হয় নি, এইখানে ভুলটা আমারই, তোরা তো আমার এই বিষয় সম্পর্কে কিছুই জানিস না সুতরাং যে কেউ যে কোনো কিছুই ভাবতে পারিস। আমারই ব্যপারটা ক্লিয়ার করা উচিত ছিলো যা আমি করি নি। দ্যাট ওয়াজ মাই ফল্ট… আ'ম রিয়েলি স…
নাবিলকে সম্পুর্ণ কথা শেষ না করতে দিয়েই নিকিতা নাবিলকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠে, কান্নার তোপে নাবিলের শার্ট কিছু জায়গায় ভিজে উঠেছে, নিকিতার নিজের গলাও বুজে আসছে, তবুও বলতে লাগে,
আ'ম সরি নাবিল... সরি…. অনেক সরি… বিশ্বাস কর নাবিল আমি তোকে কষ্ট দিতে চাই নি……আমি চাই নি তোকে রাগাতে…. আমি শুধু মজা করেই ঐটুকু বলেছিলাম,, আমি… আমি….
কাঁদতে কাঁদতে রীতিমতো নিকিতার হেঁচকি উঠে গিয়েছে, যার দরুন ঠিক মত কথাও বলতে পারছে না মেয়েটা। গলা কাঁপছে, চোখ থেকে টপটপ করে পানি ঝরছে। নিকিতাকে শান্ত করতে নাবিল আলতো হাতে তার মাথায় হাত রাখে,
নিকিতা তুই একদম পাগল। ক্ষমা আমার চাওয়া উচিত তোর কাছে আর সেইখানে তুই নিজেই সরি বলে বলে অস্থির হয়ে যাচ্ছিস।
নাবিল হাত বুলাতে লাগে নিকিতার মাথায়। মেয়েটার অবস্থা যাচ্ছেতাই। ঠিক তখনই পাশ থেকে আভিয়ান গলা খাঁকারি দেয়।
উহুম… উহুম… বলছিলাম যে, আপনাদের এই আবেগী বন্ডিংয়ে (bonding) কি আমরা জয়েন হতে পারি? না মানে, আমাদের পাঁচ জনেরই বেশ এতিম এতিম লাগছে তো তাই!
আভিয়ানের এই কথা শোনা মাত্রই নাবিল শব্দ করে হেসে উঠে এরপর সবার উদ্দেশ্যে হাত দু’দিকে ছড়িয়ে দিতেই পাঁচ জন হামলে পড়ে তার উপর। তাদের এই বন্ধুত্ব অনেক মূল্যবান তাদের সকলের কাছে। তাদের কাছে বন্ধুত্ব কেবল সম্পর্ক নয় এ যেন রক্তের বাঁধনের মতোই গভীর। একে অপরকে ছাড়া পুরো সত্ত্বাটাই যেন অসম্পূর্ণ। ঠিক যেন একটা অর্ধাংশ এসে অন্য অর্ধাংশের সাথে মিলে এক পূর্ণাঙ্গ প্রাণ তৈরি করে। শুরু থেকেই এমন ছিলো, মান-অভিমান যতবার এসেছে, ততবারই আবার ভেঙে গিয়েছে, আর সেই ভাঙাগুলোই গড়ে তুলেছে আরো দৃঢ়, আরো গাঢ় বন্ধন।
ক্লাস শেষ মুরগি পার্টি দলের। অন্যরা একে একে ক্লাসরুম থেকে বেরিয়ে গেলেও ওরা পাঁচজন এখনো নিজেদের জায়গায় চুপচাপ বসে রয়েছে। কিছুক্ষণ অতিবাহিত হতেই নাইমুল ধীর স্বরে বলে,
চল, বাসায় যাওয়া যাক।
তার কথায় ইয়াশফা একটু দীর্ঘশ্বাস ফেলে উত্তর দেয়,
হুম, তা তো যেতে হবে তবে আমার বেশ ক্ষিধে পেয়েছে, সকালে কিছু খেয়েও আসিনি।
এ কথার পৃষ্ঠে রিহা প্রশ্নবিদ্ধ নজরে চেয়ে থেকে বলে,
তাহলে কি করবি? ক্যান্টিনে যাবি?
হ্যা, কিছু খেতেই হবে। না হলে আবার গ্যাস্ট্রিকের সমস্যা শুরু হবে।
ইয়াশফার কথায় আর দেরি করে না তারা। একে একে ক্লাসরুম থেকে বেরিয়ে পড়ে। ভার্সিটির ক্যান্টিনে যাওয়ার জন্য দু’টো রাস্তা একটি প্রধান ফটকের দিক দিয়ে সোজা, আরেকটি পিছনের ছাতিম গাছ ঘেঁষে কিছুটা ঘুরে যাওয়া। ছাতিম গাছের দিকটা নিরিবিলি, বাতাসও ঠান্ডা, তবে যেতে একটু সময় বেশি লাগে। তাই আজ তারা দ্রুত পৌঁছানোর জন্য মেইন ফটক দিয়েই যাওয়ার সিদ্ধান্ত নেয়। হাটতে হাটতে ক্যান্টিনের কাছে পৌঁছাতেই চোখে পড়ে রোজকার ব্যস্ত সব চিত্র।
চেয়ার-টেবিলের চারপাশে ইতোমধ্যে জটলা লেগেছে। খাবারের সুগন্ধ বাতাসে ভেসে বেড়াচ্ছে, ভাজা সিঙ্গারা আর গরম চায়ের গন্ধে ম-ম করছে চারিপাশ।
আভিয়ানরা একই জায়গায় বসে আড্ডা দিচ্ছে অনেকক্ষণ। বন্ধুদের মাঝে মান অভিমানের পাহাড় ধ্বসে পড়েছে। সেই সাথে রকমারি খাবারদাবারের পসরা আর চায়ের উষ্ণতা মিলিয়ে জমে উঠেছে এক নতুন আসর। আভিয়ানও ফোনে বুঁদ হয়ে বন্ধুদের হাসি তামাশায় টুকটাক গা ভাসাচ্ছিলো ঠিক তখনই কেউ একজন অত্যন্ত ঘনিষ্ঠ ভঙ্গিতে তার শক্তপোক্ত বাইসেপে হাত রাখে। এহেন স্পর্শে চমকে উঠে আভিয়ান। ত্বরিত গতিতে ঘাড় ঘুরিয়ে অবাক গলায় বলে,
সুহানা তুমি??
সুহানা মৃদু হেসে উত্তর দেয়,
- হুম, আসলাম একটু।
আভিয়ান ভ্রু কুচকে পালটা প্রশ্ন করে,
- কি কারনে?
সুহানা শান্ত কণ্ঠে জবাব দেয়,
- শুনলাম তুমি ভার্সিটির পিছনের দিকটায় আছো, এজন্য ভাবলাম দেখা করে যাই।
আভিয়ানের থেকে কিছুটা দূরে বসা নিকিতা সঙ্গে সঙ্গেই কিছুটা ব্যঙ্গ করে বলে উঠে,
- তোমার আভিয়ান ভাইয়ের সাথে আমরাও আছি সুহানা, সেটা কি দেখছো না?
নিকিতার এই খোঁচায় সুহানা টু শব্দটিও করলো না, কেবল আড়চোখে নিকিতাকে একবার দেখে নিয়ে আবার আভিয়ানের দিকেই পূর্ণ নজর ফেরালো। সুহানা একদম আভিয়ানের গা ঘেঁষে বসে ছিলো বিধায় আভিয়ান সেখান থেকে উঠে পাভেলের পাশে এসে বসে ফোন স্ক্রল শুরু করে। এরূপ কান্ডে কিছুটা বিব্রত হয় সুহানা, তবে আমলে নেয় না। নিজের মত করেই ঠান্ডা সুরে বলে,
বাবা তোমার কথা প্রায়ই জিজ্ঞেস করে। আমাকে বলেছেন ঢাকা যাওয়ার সময় যেন তোমাকেও সাথে নিয়ে যাই। তুমি কবে ফ্রি আছো বলো, তাহলে সেই হিসেব করেই যাওয়ার দিনটা ফিক্সড করতাম।
আভিয়ান মুখ না তুলে গম্ভীর স্বরে সংক্ষেপে বলে,
সম্ভব না এখন।
তাহলে কবে সম্ভব বলো সেই সময় মতই যাবো নাহয় আমরা..!
হুট করে আড্ডায় ভাটা পড়ায় উপস্থিত সকলেই সুহানার উপর বিরক্ত। আলিনা জোরপূর্বক মুখে হাসি ফুটিয়ে সুহানার উদ্দেশ্যে প্রশ্ন করে,
সুহানা তোমার ক্লাস নেই?
নোপ..!! আপাতত ক্লাস নেই।
ক্লাস না থাকলে লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করো, এইখানে আমি আর আমার ফ্রেন্ডসরা আছি। এইখানে তোমার অযথা থাকার কোনো মানে হয় না।
কথাগুলোর ভেতরে লুকানো সূক্ষ্ম অপমানের আঁচ সুহানা স্পষ্ট টের পায়, তবুও বাহ্যিকভাবে কোনো প্রতিক্রিয়া দেখায় না। সেসব পাশ কাটিয়ে সে আবার আভিয়ানকে শুধায়,
তুমি কি ইদানিং অনেক বেশি বিজি থাকো আভিয়ান ভাই?
ব্যস্ত তো আমরা সবাই-ই সবার জীবনে, এটা আলাদা করে জিজ্ঞেস করার কি আছে সুহানা?
আভিয়ানকে উত্তর না দিতে দিয়ে এইবার নিকিতাই কথা গুলো বলে। আভিয়ান আর সহ্য করতে না পেরে শক্ত গলায় বলে,
ক্লাসে যাও সুহানা। তোমাকে যেন আর এখানে না দেখি। এখানে আমার ফ্রেন্ডরা আছে, কথাটা তোমাকে সেকেন্ড টাইম মনে করিয়ে দিচ্ছি। আর আমরা সবাই তোমার সিনিয়র। সো, জাস্ট গো...!!
আভিয়ানের কথা শেষ হওয়া মাত্রই থমথমে মুখ নিয়ে সুহানা উঠে চলে যায়। সুহানার যাওয়ার পানে নিকিতা একটা ভেংচি কেটে বিরক্ত মুখে বলে,
এই চিপকু কি হয় যেন তোর?
কাজিন।
কেমন কাজিন এইটা, না মানে তুই তো বেশ সভ্য-ভদ্র আছিস, কিন্তু এইটা কেমন জানি।
নিকিতার এই কথায় নাবিল হেসে বলে,
এইটা ওর চাচাতো বোন, শুধু এখন না বরাবরই ও এমন, ছোট বেলায় তো আরো লেপ্টে থাকতো আভিয়ানের সাথে।
নাবিলের এই কথায় আলিনা বেশ অবাক হয়ে বলে,
- বাব্বাহ আভিয়ান। তুই এই মেয়েকে টলারেট করিস???
আভিয়ান তার ঘাড় ম্যাসাজ করতে করতে জবাব দেয়,
- টলারেট করি বলতে রিলেটিভ হয়, এজন্য না চাইতেও টলারেট করা লাগে। তবে বেশি বাড়াবাড়ি কোনো দিন করেনি, করলে তো এক থাপ্পড় মেরে গাল লাল করে দিতাম!
আভিয়ানের এই কথায় সবাই হেসে উঠে। আদনান নিজের হাসি থামিয়ে আবার আভিয়ানের উদ্দেশ্যে বলে,
এইটা তোর কাজিন তা দেখে কিন্তু বুঝা যায় না, তোর…
আদনানের কথা সম্পুর্ণ না হতেই নিকিতা আদনানকে বলে,
ইডিয়ট কাজিন তো কাজিনের মত হবে তাই না, ওর আপন বোন তো না যে ওর সাথে মিল থাকবে।
- ইডিয়ট তো তুই। আমাকে আগে কথা শেষ করতে দে?
নিকিতা কিছু বলতে যাচ্ছিলো কিন্তু নাবিল নিকিতাকে চুপ করিয়ে দেয়।
সবার মনোযোগ পেতে আদনানকে আবারো বলতে লাগে,
হ্যা যা বলছিলাম, আভিয়ানের কাজিন যে তা বুঝা যায় না কারন আভিয়ানের ফ্যামিলির সম্পর্কে তো আমরা কম বেশি অনেক কিছুই জানি, চিনিও তাদের, কিন্তু এই মেয়ে, কি যেন নাম? হ্যা হ্যা সুহানা। ওর চলাফেরা কেমন জানি। মানে আমাদের আভিয়ানকে দেখ, ও মেয়েদের ধারের কাছেও যায় না, আলিনা আর নিকিতা বাদ কারন ওরা মেয়ে জাতির মধ্যে পড়ে না।
এইটুকু শুনে তো নিকিতা আর আলিনা চোখ বড় বড় করে তাকাতেই,
- আরে আরে শেষ করতে দে কথা টা, এত বাধা দিস কেন?
আলিনা আর নিকিতা দু’জন চোখ গরম করে তাকিয়ে আছে আদনানের দিকে। আদনান ওদের পাত্তা না দিয়ে আবারো নিজের মত বলতে শুরু করে,
- মেয়েটাকে আমি অনেক ছেলের সাথে ডেট করতে দেখেছি আর সব চেয়ে বড় টুইস্ট হচ্ছে ও সবার সাথেই বেশ ক্লোজলি হ্যাং আউট করে। ক্লোজ বলতে একটু বেশিই ক্লোজ..!!
আদনান আরো অনেক কিছুই বলছিলো, তখন নিকিতা আলিনার কানে কানে বলে,
- আর ফিটিং ড্রেস গুলা যে পড়ে সে নিয়ে তো আদনান কিছু বললো না।
নিকিতার এই কথায় আলিনা চোখ বড় বড় করে নিকিতাকে দ্রুত চুপ করতে বলে।
এসব কথার মাঝে পাভেল আদনানকে উদ্দেশ্য করে বলে,
- থাক ভাই, বাদ দে এসব। যাই হোক না কেন,
মেয়েটা তো শেষ পর্যন্ত আভিয়ানেরই কাজিন।
এসব বললে আভিয়ানের খারাপ লাগতেই পারে, তাই না?
পাভেলের এরূপ কথায় আভিয়ান অবাক হয়ে তাচ্ছিল্যের সাথে হেসে বলে,
হোয়াট রাবিশ! আমি নিজেই ওর বিহেভিয়ার টলারেট করতে পারি না, শুধু ফ্যামিলি রিলেশনের খাতিরে চুপ থাকি! ও কাকে ডেট করলো আর কার সাথে হ্যাংআউট করলো তা নিয়ে আমার বিন্দুমাত্র মাথাব্যথা নেই! ওর চেহারাও দেখতে ইচ্ছে হয় না আমার।
আভিয়ানের শেষ কথাতেই পুরো দল হো হো করে হেসে উঠে। আভিয়ানের এমন খোলাখুলি মন্তব্য তারা একদমই আশা করে নি। তাই তো এক চেটিয়ে হাসির রোল উঠেছে। সেই রাস্তা দিয়েই মুরগি পার্টির দলবলেরা নিজেদের বাসায় ফেরার উদ্দেশ্যে যাচ্ছিলো। এমন হু-হা হাসির আওয়াজে নেহালের চোখে সেই শব্দের উৎস ভেসে আসা গ্রুপটিতে পড়ে আর তাতেই চোখে পড়ে আলিনাকে। সেটুকু দেখেই চোখ বড় বড় করে নেহাল প্রশ্ন করে
কি রে, ঐটা আলিনা আপু না?
ইয়াশফা মাথা উঁচু করে সামনে দেখে প্রত্যুত্তরে বলে,
হ্...!! হ্যা বোধহয়।
উত্তর পেয়েই সঙ্গে সঙ্গে নেহলের চোখেমুখে চঞ্চলতা ফুটে উঠে। চপল পায়ে সামনে এগোতে এগোতে বলে,
চল যাই, কথা বইলা আসি!
এইটুকু বলেই কারো জন্য অপেক্ষা না করেই বড় বড় পা ফেলে ছুটে যায় সেদিকে। ইয়াশফা ভ্রু কুঁচকে একেবারে বিরক্ত স্বরে চেচিয়ে বলে,
নেহাল…!!! যাবি না ঐদিকে। বাসায় ফিরতে হবে তাড়াতাড়ি।
কিন্তু কে শোনে কার কথা! ইয়াশফার কথা যেন কানে পৌঁছায় নি নেহালের। সে ইতোমধ্যেই সরাসরি সেই সিনিয়রদের গ্রুপের অনেকটা কাছে এগিয়ে গিয়েছে।
আসসালামু আলাইকুম..!!
হঠাৎ অচেনা কণ্ঠস্বরে আভিয়ানরা সবাই ঘাড় ঘুরিয়ে তাকায় নেহালের দিকে। নিকিতা প্রথমে চিনতে পেরে মিষ্টি হেসে বলে,
- আরে তুমি! কেমন আছো?
নেহাল বত্রিশ দাঁতকপাটি দেখিয়ে উত্তর করে,
- এইতো আপু, ভালোই আছি। আপনারা সবাই কেমন আছেন?
নেহালের পেছনে এবার বাকিরাও এগিয়ে এসে চারপাশে গোল হয়ে দাঁড়ায়। শুরু হয় টুকটাক খোঁজখবর আর গল্প। নেহাল এমনভাবে কথা বলছে যেন বহুদিনের পরিচিত। ভদ্রতা, হালকা মজা আর আজগুবি কাহিনি সব মিশিয়ে সিনিয়রদের মন জোগানোর চেষ্টায় ব্যস্ত। এরই মাঝে আভিয়ান হঠাৎ নাবিলের দিকে তাকায়, নাবিলের দিকে এক পলক তাকিয়ে নেহালের দিকে ঠান্ডা কন্ঠে প্রশ্ন ছুড়ে বলে,
তোমরা কি এই কয় জনই? না আই মিন, গতকাল আরো বেশি মনে হয়েছিলো!
আভিয়ানের প্রশ্ন শুনে রিহার চোখে-মুখে মিষ্টি হাসি ফুটে উঠে। খানিকটা গদগদ ভঙ্গিতে সে উত্তর দেয়,
আসলে ভাইয়া, আমাদের একজন ফ্রেন্ড আসেনি আজ। ও একটু অসুস্থ তো, এজন্যই অ্যাবসেন্ট।
রিহার এই কথায় নাবিল ভ্রু কুচকে জিজ্ঞেস করে,
- কি হয়েছে ওর?
শুনেছি তো জ্বর হয়েছে।
নাবিল হয়তো আরো প্রশ্ন করতো, কিন্তু আভিয়ান চোখের ইশারায় তাকে থামিয়ে দেয়। ইশারা বুঝে নাবিলও আর কিছু বললো না। এদিকে নেহাল তো কথার ফুলঝুরি ছুটিয়ে দিয়েছে। ওর গল্প, বাড়াবাড়ি ভঙ্গি আর ভান করা ভাব দেখে সিনিয়ররাও বেশ মজা পাচ্ছে। কিন্তু ইয়াশফার জন্য বিষয়টা একেবারেই আরামদায়ক হচ্ছিলো না। এত সিনিয়রের ভিড়ে দাঁড়িয়ে সে কিছুটা অস্বস্তি বোধ করছিলো। সেটা খেয়াল করে নাইমুল। তাই তো সিনিয়রদের থেকে বিদায় নেওয়ার জন্য বলে,
আচ্ছা ভাইয়া-আপুরা, আজ তাহলে আসি। কাল আবার দেখা হবে ইনশাআল্লাহ।
বিদায় জানিয়ে পাঁচজন একসাথে ভার্সিটি থেকে বের হওয়ার পথে হাটা ধরে। হাটতে হাটতেই নেহাল বুক ফুলিয়ে গর্বের সহিত বলে,
দেখলি কিভাবে সিনিয়র পটাইতে হয়?
হাত দিয়ে নিজের চুল ব্যাকব্রাশ করে বেশ ভাব করে সে। ইয়াশফা এহেন ভাব সহ্য করতে না পেরে মুচকি হেসে তাচ্ছিল্যের স্বরে বলে,,
নেহাৎ ওনারা যথেষ্ট সভ্য আর ভদ্র মানুষ, তাই তোকে কিছু বলেননি! অন্য কেউ হলে এতক্ষণে এমন এক উষ্টা মারতো যে সোজা গিয়ে ড্রেনে পড়তি.!!
ইয়াশফার কথায় নেহালের চোখ কপালে উঠে। কোনো উত্তর না দিয়ে সরাসরি এগিয়ে গিয়ে ইয়াশফার মাথার চুল ধরে টান মেরে ভো দৌড় লাগায়।
নেহাইল্লার বাচ্চা…!!! আমার চুল...!!!
বলেই ইয়াশফা তেড়ে যায় নেহালের দিকে। মুহূর্তেই শুরু হয় তাড়া-পাল্টা তাড়ার এক দৌড়ঝাঁপ। রাস্তাজুড়ে তাদের এই খুনসুটিতে হাসি ছড়িয়ে পড়ে। তাশিক হাটতে হাটতে মাথা নাড়িয়ে বলে,
প্রতিদিন কোনো না কোনো নাটক না হলে আমাদের দিনই অসম্পূর্ণ থেকে যায়..!!
আরে ভাই, আড্ডা দিতে দিতে কত সময় পার হয়ে গেলো..!!!
যত যাই বলিস না কেন আমার অনেক ভাল্লাগে এইভাবে আড্ডা দিতে, মনে হয় আবার সেই ভার্সিটি লাইফ ব্যাক পেয়েছি!
হুম বাট এখন উঠা উচিত তো তাই না, আমায় অলরেডি আম্মু ৩ বার কল দিয়েছে।
নিকিতার এই কথায় আদনান সঙ্গে সঙ্গেই ব্যঙ্গ করে সুর টেনে বলে উঠে,
ওলে ওলে নিকি খুকি কে তার আম্মু কল করেছে, খুকির তাড়াতাড়ি বাসায় যেতে হবে।
আদনানের এরূপ কথায় নিকিতা রেগেমেগে বলতে লাগে,
আভিয়ান ওকে চুপ করতে বল, আমায় এসব কেন বলে ও..!!!
আভিয়ান ফোনে ইন্সটা স্ক্রল করছিলো, সেভাবেই বেশ নির্লিপ্ত ভঙ্গিতে তাকিয়ে বলে,
আমাদের মধ্যে তোরই বাসায় ফেরার তাড়া সবসময় সবচেয়ে বেশি থাকে। সন্ধ্যা হলেই তো পাগলের মতো ছটফট করিস বাড়ি ফেরার জন্য, এসব কি এনাফ না এইগুলো বলার জন্য?
আভিয়ানের কথায় নিকিতা আরও বিরক্ত হয়ে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিয়ে কড়া স্বরে বলে,
তোদের সাথে কথা বলাই বেকার..!!!
বলিস না, আমরা বলতে বলেছি নাকি.??
এইটুকু বলেই শোভন হাসতে হাসতে আদনানকে হাইফাইভ দেয়।
পরিস্থিতি একটু হালকা হতেই আলিনা এবার গম্ভীর স্বরে বলে,
আচ্ছা আচ্ছা থাম তোরা, আসলেই বেশ অনেক সময় হয়েছে, আজকের মত উঠি তাহলে।
আলিনা কথাটি বলেই উঠার জন্য উদ্যত হলে নাবিল তাকে থামিয়ে দেয়।
নাবিল হঠাৎ উঠতে না করাতে আলিনাও চুপচাপ আবার আগের জায়গায় বসে যায়,
সবাই এখন নাবিলের দিকেই তাকিয়ে আছে।
তার চাহনি দেখে বোঝাই যাচ্ছে সে বেশ সিরিয়াস কিছু বলবে।
আভিয়ান এবার ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে নাবিলের দিকে দৃষ্টি দেয়।
ছেলেটার মুখমণ্ডল বেশ শক্ত ভঙ্গিতে রয়েছে।
তোদের অনেক কিউরিওসিটি তাই না..?
আমি কেন বাংলা ডিপার্টমেন্টের খোঁজ করি..?
আমি কাকে খুঁজছি, কি কারনে খুঁজছি, এসব নিয়ে জানতে চাস তোরা তাই তো..??
দেখ নাবিল আমরা জাস্ট ফান করেই এসব বলতাম,
তুই যদি জানাতে না চাস, দেন ইটস অ্যাবসোলুটলি ফাইন। আমরা বুঝি প্রত্যেকের আলাদা প্রাইভেসি…
নাবিলকে বলতে দে শোভন..!!
আভিয়ানের রাশভারি কণ্ঠে শোভন চুপ করে যায়। সব কিছু নীরবতায় ছেয়ে গেলে নাবিল ফের বলে,
প্রাইভেসির কিছু নেই, আমি শুধু সময় নিচ্ছিলাম, বুঝার চেষ্টা করছিলাম এইটুকুইন
তাহলে..??? কি বুঝলি..?
আলিনার কাটকাট প্রশ্নে কিছুক্ষণ থম মেরে রয় নাবিল। এরপর শুরু করে সমস্ত কথাপোকথন। নবীনবরণের পর ভার্সিটিতে হিসাবের জন্য এসে প্রথম দেখা, তারপর একটু একটু করে খোঁজ নেয়া। ঐদিনের নিকিতার কথায় কেন এত রিয়্যাক্ট করা, রাতের বেলা সব আভিয়ানকে জানানো, মনের ভিতরকার ঝড়, অশান্তি, এসব কিছুই বন্ধুদের মাঝে ঢেলে দেয় নাবিল। সবাই স্তব্ধ হয়ে শুনছিলো তার প্রতিটা কথা। একেবারে শেষ পর্যন্ত কারো মুখে কোনো শব্দ বের হলো না। সব কিছু শুনে পাভেল অবাক গলায় বলে,
এরকম কি আদৌ হয় নাবিল.?
নাবিল গভীর নিঃশ্বাস ছেড়ে বলে,,
আমি জানিনা, আমি শুধু যা দেখেছি তা-ই তোদের জানাচ্ছি।
নাবিলের কথা শেষ হলেই নীরবতা কাজ করে সবার মাঝে, সবাই বেশ চুপচাপ। নিরবতা ভেঙে আভিয়ান মাথা তুলে আকাশের পানে চেয়ে বলতে শুরু করে,
এই পৃথিবীতে অনেক কিছুই পসিবল। আমরা নিজেরাই নিজেদের চিন্তাভাবনা খুব সীমিত করে রেখেছি। কিন্তু দুনিয়া আমাদের সেই সীমাবদ্ধতার বাইরে টেনে নিয়ে যায়। এমন কিছু মোমেন্ট আসে, যেগুলোকে আমরা বোঝার চেষ্টা করি, অথচ সহজে এক্সপ্লেইন করতে পারি না। আর তখনই মনে হয়, হয়তো কিছু জিনিস আমাদের যুক্তি-তর্কের বাইরে থেকেও সত্যি হতে পারে।
আভিয়ানের কথায় সবাই এইবার তার সাথে সাথে আকাশের দিকে তাকিয়ে তার কথার অর্থ বুঝার চেষ্টা করে, চেষ্টা করে কথার গভীরতায় পৌছাতে।
অ্যালাইজা সায়েমকে কল করেছে বেশ কয়েকবার, কিন্তু কোনো বারই সায়েম কল রিসিভ করে নি, কল করে পাচ্ছিলো না বলে টেক্সটও করেছিলো অ্যালাইজা বাট নো রেস্পন্স। সায়েম সহজে পড়ানো মিস দেয় না আর মিস দিলে অন্তত জানিয়ে দেয় তার না আসার কারন কিংবা আজকের পড়া আগামী কবে পড়াবে। তারউপর গতদিনও তাড়াহুড়ো করে বের হয়ে গিয়েছে। সায়েমের হঠাৎ এই আচরণ একটু অদ্ভুত লাগলেও সে কোনো মাথা ঘামায় নি। তবে এখন কেন কল ধরছে না এ নিয়ে বেশ চিন্তা হচ্ছে অ্যালাইজার।
আজ তোর টিউটর আসবে না?
বড় আপির কথায় ধ্যান ভাঙে অ্যালাইজার। স্তম্ভিত ফিরে পেয়ে বলে,
কি জানি, আসলে তো এতক্ষণে এসে যেত..!!
হুম তা অবশ্য ঠিক, ও আবার তেমন লেটও করে না তাহলে হয়তো আজ আসবে না।
বড় আপির কথাটা শোনার পর হঠাৎই থমকে যায় অ্যালাইজা। বুকের ভেতরটা অকারণে কেঁপে উঠে। আজ সায়েম ভাইয়া আসবে না মানেই আজ তাকে দেখতে পাবে না। এক অদ্ভুত শূন্যতা গ্রাস করে অষ্টাদশী অ্যালাইজার মনকে। তার দিন অসম্পূর্ণ লাগে যদি সায়েমকে না দেখে। রাতে ঘুমও আসে না ঠিকমতো। সায়েমের পড়ানো, কড়া গলায় ধমক, ধৈর্য ধরে বোঝানোর ভঙ্গি সবকিছুই মনে গেঁথে আছে তার। প্রতিটা শব্দ, প্রতিটা অঙ্গভঙ্গি, প্রতিটা মুহূর্ত তার কাছে মুখস্থ একদম। কষ্টে অ্যালাইজার চোখ ভরে আসে। সায়েমের প্রতি অ্যালাইজার অনুভুতি কাজ করে, এ কেমন অনুভুতি তা অ্যালাইজা বুঝে না। শুধু জানে যখনই সায়েম তার দিকে তাকায়, তখনই তার বুকের ভেতরের হৃদস্পন্দন একেবারে পাগল হয়ে ছুটতে থাকে। গলা শুকিয়ে যায়, হাত-পা ঠাণ্ডা হয়ে আসে, আর ভেতরে এক অদ্ভুত অস্থিরতা জন্ম নেয়।
চলবে...
